ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আজ বুধবার বিকেলে রোগী নিয়ে অপেক্ষা করছিলেন অনেক স্বজন। অ্যাম্বুলেন্সচালকদের ধর্মঘটের কারণে তাঁরা রোগী বাড়িতে বা অন্য হাসপাতালে নিতে পারছিলেন না।
কিশোরগঞ্জ থেকে আসা আবুল হোসেন বলেন, ‘দুই ঘণ্টা ধরে মেডিকেলে ঘুরছি, অ্যাম্বুলেন্স পাচ্ছি না। বাধ্য হয়ে পিকআপ ভাড়া করার কথা ভাবছি।’
ধর্মঘট পালনকারী চালকদের দাবি, হাসপাতাল এলাকায় পার্কিং নিয়ে নতুন নির্দেশনা তাঁদের জীবিকা হুমকির মুখে ফেলেছে। দাবি না মানা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।
রোগীকে জিম্মি করে কোনো দাবি আদায় গ্রহণযোগ্য নয়।—হাসপাতালের একজন চিকিৎসক
হাসপাতালের পরিচালক বলেছেন, রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। চালকদের সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে।




