চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীব্র ভাঙনে গত এক মাসে দুটি গ্রামের অন্তত দেড় শ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি বাজার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকে এখন আত্মীয়স্বজনের বাড়িতে বা বাঁধের ওপর অস্থায়ী ঘরে থাকছেন। শিশুদের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।

পরিবেশবিদেরা বলছেন, উজানে অপরিকল্পিত বালু উত্তোলন ভাঙন বাড়িয়ে দিচ্ছে। নদী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা ছাড়া এ সমস্যার সমাধান হবে না।




